Advertisement

জন্মদিনের মধ্যরাতে অভিষেকের কালীঘাটের বাড়ির সামনে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত ৭
English version is not available yet

জন্মদিনের মধ্যরাতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে। শুক্রবার গভীর রাতের এই ঘটনায় মোট সাতজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, জন্মদিন উপলক্ষে অভিষেকের বাড়ির সামনে তাঁর অনুগামীরা জড়ো হয়েছিলেন। সেখানে বিজেপি কর্মী-সমর্থকরাও উপস্থিত ছিলেন। অভিষেককে উদ্দেশ করে "চোর" স্লোগান দেওয়া হয়েছে বলে অভিযোগ। তার প্রতিবাদ জানান তৃণমূল সমর্থকরা। প্রথমে কথা কাটাকাটি, পরে তা গড়ায় ধস্তাধস্তি ও হাতাহাতিতে। দু'পক্ষের বিরুদ্ধেই ইট ছোড়ার অভিযোগ উঠেছে। রাতভর দফায় দফায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
ঘটনার পর বাড়ির বাইরে বেরিয়ে ক্ষোভ উগরে দেন অভিষেক। তাঁর অভিযোগ, বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে অশান্তি পাকিয়েছে। এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যাতে তাঁর প্রাণহানিও ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তাঁর আরও দাবি, তাঁর ছবি-সহ কাটআউট ও পোস্টার নষ্ট করা হয়েছে এবং পরিস্থিতি সামলাতে গিয়ে পুলিশকর্মীরাও হেনস্থার শিকার হয়েছেন। রাত দুটো নাগাদ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গোটা ঘটনার দায় বিজেপির ওপর চাপান তিনি।
পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক। তাঁর বক্তব্য, কলকাতা পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছে। ঘটনার ভিডিও-সহ প্রমাণ প্রকাশ্যে আনার কথাও জানান তিনি।
এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে ফের চাপানউতোর শুরু হয়েছে। একজন সাংসদের বাড়ির সামনে এমন ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে। অভিষেকের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ বা প্রশাসন কী পদক্ষেপ করে, সেদিকে নজর রয়েছে সবার।
Related news

অভিষেকের মন্তব্যে পাল্টা আক্রমণ ঋজু দত্তের: "মেঠো রাজনীতির সঙ্গে যোগ নেই, প্রমাণ থাকলে সামনে আনুন"
সরিষায় তৃণমূলের পার্টি অফিস থেকে নগদ উদ্ধার নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন অভিষেক, তারই জবাবে রাজ্য রাজনীতিতে নতুন তরজা
Politics · 07 Nov 2026, 06:00 AM